NEWS

Post Top Ad

Rafi IT Bangladesh

31 December 2012

মালয়শিয়ায় যাওয়ার নিবন্ধন শুরু ১৩ জানুয়ারি

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়শিয়ায় সরকারি পর্যায়ে (জিটুজি) কর্মী পাঠানোর জন্য আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি।

প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ১৩ জানুয়ারি থেকে তিনটি ধাপে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে মালয়শিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের নিবন্ধন করা শুরু হবে। ১৭ জানুয়ারির মধ্যে নিবন্ধন শেষ হবে।

তিনি জানান, এজন্য প্রত্যেক বিভাগকেই তিন দিন করে সময় দেয়া হবে। ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন করা হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি। এ দুই বিভাগে নিবন্ধিতদের মধ্যে কারা মালয়শিয়ায় যাওয়ার জন্য আবেদনের সুযোগ পাবেন ১৬ জানুয়ারি তার লটারি হবে।

রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৪ থেকে ১৬ জানুয়ারি নিবন্ধন এবং ১৭ তারিখ লটারি হবে।

খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৫ থেকে ১৭ জানুয়ারি নিবন্ধন করা হবে। লটারি হবে ১৮ জানুয়ারি।

নিবন্ধন করতে আগ্রহীদের যেতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন তথ্যকেন্দ্রে। এসব কেন্দ্রে মাত্র ৫০ টাকা ফি দিয়েই নিবন্ধন করা যাবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মালয়শিয়ায় যেতে আগ্রহীদের বারবার নিবন্ধনের প্রয়োজন হবে না, একবার নিবন্ধন করলেই চলবে। এ তালিকাভুক্তদের মধ্যে থেকে প্রথম চাহিদাপত্র অনুযায়ী লোক পাঠানো হবে। চাহিদা না থাকলে লোক পাঠানো বন্ধ থাকবে। তবে পরে চাহিদাপত্র পাওয়া গেলে তালিকাভুক্তদের মধ্য থেকেই লটারি করে লোক পাঠানো হবে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে বনায়ন ও কৃষিখাতে ৩০ হাজার কর্মী দেশটিতে পাঠানোর কথা রয়েছে। তাদের সঙ্গে সেভাবে আলোচনা হয়েছে। কিন্তু রোববার পর্যন্ত ১০ হাজার কর্মীর চাহিদাপত্র পাওয়া গেছে। তাদের চাহিদা অনুযায়ী প্রথমে এই ১০ হাজার কর্মী পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। পর্যায়ক্রমে তাদের চাহিদাপত্র অনুযায়ীই লোক পাঠানো হবে।

অভিবাসন ফি মাত্র ৪০ হাজার টাকা নির্ধারণ করা হলেও কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইতোমধ্যে এক লাখ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, কোনো ব্যক্তির কাছে টাকা দেয়ার প্রয়োজন নেই। কারণ সরকার অভিবাসন ব্যয় কমিয়ে আনতেই সরকারি পর্যায়ে (জিটুজি) ভিত্তিতে লোক পাঠানোর চেষ্টা করছে।

তিনি জানান, জিটুজি ভিত্তিতে লোক পাঠাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে টাকা দিতে হবে না। নিবন্ধন ও লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদেরই শুধু সরকার নির্ধারিত স্থানে টাকা জমা দিতে হবে। এতে কোনো তৃতীয় ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮০৭ ঘ

No comments:

Post a Comment

Post Top Ad

Rafi IT Bangladesh